শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Home শিল্প-সাহিত্য কবিতা ওপার বাংলার কবি সেক জাহেদ উল্লা এর কবিতা “ঈদুজ্জোহা”

ওপার বাংলার কবি সেক জাহেদ উল্লা এর কবিতা “ঈদুজ্জোহা”

826
ওপার বাংলার কবি সেক জাহেদ উল্লা এর কবিতা “ঈদুজ্জোহা”

ঈদুজ্জোহা

————সেক জাহেদ উল্লা

চোখটা ছিল ঠিক চলন্ত ফ্যানটার দিকে –
ফ্যানের কিচ-কিচের সাথে স্টোভের শোঁ শোঁ –
শব্দ আসছিল কানে ।

রাস্তার ওপর দিয়ে মাঝে মাঝে হড়বড় শব্দ করে –
গুটিকয় রিকশা চলে গেল মনে হয় –
রান্না চাপিয়েছি ও ঘরে ।

নাকে আসছে মাংসের সুগন্ধ , সবে নামানো উনুন থেকে –
সেই গ্রামের মজা পুকুরের পাশে রান্নাঘর থেকে –
তাকিয়েই রয়েছি ঠিক ফ্যানটার দিকে ।

বেশ দেখতে পাচ্ছি , ওদের সবাইকে –
মুখে হাসি নিয়ে ফিরছে ঈদগাহ থেকে , নতুন পোশাকে –
কোলাকুলি , সুরমা আতরের ছড়াছড়ি ।

মা যেন ডাকছে আমায় –“কোথাও বেরোস না , খাবি আয় “ –
দাদাজির কবরস্থানে নিজ হাতে জ্বালিয়ে দিচ্ছি , ধুপ মোমবাতি –
একমুঠো খেতে বাড়ি বাড়ি কত সাধাসাধি ।

“ও খোকা ভাত পুড়ে গেল যে “ কাজের মাসির চিৎকার –
নিজের অজান্তে হাতটা উঠে , মুছে দেয় –
গাল বেয়ে নেমে আসা দু ফোঁটা জল কে ।

ফ্যানটা যেন জোরে ঘুরতে থাকে , ক্যাঁচ ক্যাঁচ করে –
তড়াক করে উঠে , ওঘরে দৌড়ে গেলাম –
সেদ্ধ আলু আর ভাতের আকর্ষণে ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here